
বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নের কাঠঘর পাড়া এলাকায় গ্যাসের চুলা থেকে আগুন লেগে একটি বসতঘর আংশিক পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার (১ এপ্রিল) সকাল ১১ ঘটিকার সময় অগ্নিকাণ্ডের খবর পেয়ে বাঁশখালী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িটি স্থানীয় বাসিন্দা মো. মফিজুর রহমানের। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত।
এ ঘটনায় কেউ হতাহত হননি। ফায়ার সার্ভিসের হিসাবে, অগ্নিকাণ্ডে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। তবে দ্রুত পদক্ষেপের কারণে প্রায় ৫ লাখ টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।
বাঁশখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তিনি গ্যাসের চুলা ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানান।