
বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল বাজারে নিয়মিত বাজার মনিটরিং অভিযানে অননুমোদিত ও মেয়াদোত্তীর্ণ দই সংরক্ষণ ও বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ২৩ কেজি দই তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়।
সোমবার বিকেলে উপজেলার চাম্বল বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জামশেদুল আলম।
অভিযানকালে চাম্বল কাঁচা বাজার পরিদর্শন করে মূল্যতালিকা প্রদর্শন না করায় বিভিন্ন দোকানিকে ৬টি মামলায় মোট ৩ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া তরমুজের বাজারে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. জামশেদুল আলম বলেন, জনস্বার্থে বাজার মনিটরিং কার্যক্রম নিয়মিতভাবে চলমান থাকবে। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং ভোক্তা অধিকার সংরক্ষণে প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে।