
বাঁশখালী সংলাপ::: পবিত্র মাহে রমজান উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে বাঁশখালী উপজেলার সরল ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিশেষ ঘোষণা জারি করা হয়েছে।
ঘোষণায় জানানো হয়, ইউনিয়নের আওতাধীন সকল হাট-বাজার, বাসস্টেশনসহ জনসমাগমস্থলে দিনের বেলায় সব ধরনের খাবারের দোকান, হোটেল, রেস্তোরাঁ ও কুলিং কর্নার বন্ধ রাখতে হবে। রমজানের পবিত্রতা রক্ষার্থে প্রকাশ্যে পানাহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
এছাড়া ভিসিডি, ভিসিআর, ভিডিও ও ক্যাবল নেটওয়ার্কের মাধ্যমে অশ্লীল ছবি প্রদর্শন, ইভটিজিংসহ যেকোনো অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।
অন্যদিকে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। কোনো প্রকার কৃত্রিম সংকট সৃষ্টি বা অহেতুক মজুদ না করে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে সরল ইউনিয়নের প্যানেল চেযারম্যান রোকসানা আকতার সকলের সহযোগিতা কামনা করে বলেন, ‘রমজানের পবিত্রতা ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় ইউনিয়নবাসীর সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
ইউনিয়ন পরিষদের এ নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনিক তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।