
বাঁশখালী সংলাপ:: দেশের শীর্ষ শরীয়াহভিত্তিক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে অন্যায়ভাবে চাকরিচ্যুত ব্যাংকারদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাঁশখালী উপজেলা ও পৌর বিএনপি। মঙ্গলবার বিকেলে কালিপুরের গুনাগরিস্থ নূর জাহান কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।
প্রধান অতিথির বক্তব্যে পাপ্পা বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসার কারণে যেভাবে ব্যাংকারদের চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে, তা অন্যায়ের শামিল। বিএনপি এসব মজলুম কর্মীদের পাশে থাকবে। দলের হাইকমান্ড ইতোমধ্যে বিষয়টি জানেন। আগামী নির্বাচনে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলে তাদের পুনর্বাসনে সর্বোচ্চ উদ্যোগ নেওয়া হবে ইনশাআল্লাহ।’
সভায় সভাপতিত্ব করেন চাকরিচ্যুত ব্যাংকার আব্দুল মাজেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার লোকমান আহমেদ চেয়ারম্যান, সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী চেয়ারম্যান, বিএনপি নেতা অ্যাড. লায়ন নাসির, মহসিন চেয়ারম্যান, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমদ ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি হেফাজ উদ্দিন চৌধুরী প্রমুখ।
চাকরিচ্যুত ব্যাংকারদের পক্ষ থেকে বক্তব্য রাখেন এস. এম. এমদাদ হোসেন, হুমায়ুন রশিদ, ওসমান গনি মোজাহিদ, জালাল উদ্দিন, এম. মনছুর আলম, মুহাম্মদ ফারুক, বেলাল উদ্দিন সিকদার, জসিম হামিদ ও আবু হামেদ।
সভায় বক্তারা বলেন, ইসলামী ব্যাংক থেকে রাজনৈতিক বিবেচনায় চাকরিচ্যুত হওয়া কর্মকর্তারা দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন। তারা ব্যাংকের কর্তৃপক্ষের অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে সামাজিক ও আইনগত প্রতিকার দাবি জানান।