
বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পূর্ব পুইছড়ি গ্রামের কৃতি সন্তান মো. জিয়াউর রহমান চৌধুরী বাংলাদেশ শিপিং কর্পোরেশনে (বিএসসি) তৃতীয় গ্রেডের মহাব্যবস্থাপক (জিএম) পদে পদোন্নতি পেয়েছেন। তিনি নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শিপিং কর্পোরেশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। তার এ পদোন্নতিতে সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।
মো. জিয়াউর রহমান চৌধুরী মরহুম এজহার মিয়া ও ফজিলাতুন নেছা দম্পতির সন্তান। তার মা ফজিলাতুন নেছা ‘রত্নগর্ভা মা’ হিসেবে জাতীয় স্বীকৃতি লাভ করেন। তিনি পুইছড়ি ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে স্টার মার্কসহ এসএসসি পাস করেন। পরে চট্টগ্রাম সরকারি সিটি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করে বাংলাদেশ মেরিন একাডেমিতে ভর্তি হন।
মেরিটাইম সায়েন্সে স্নাতক ডিগ্রি অর্জনের পর তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত চিফ ইঞ্জিনিয়ার সনদ লাভ করেন এবং বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। ২০০৪ সালে বাংলাদেশ মেরিন একাডেমি থেকে উত্তীর্ণ হয়ে তিনি ইঞ্জিন ক্যাডেট হিসেবে নাবিক জীবন শুরু করেন।
পরবর্তীতে ফ্লিট শিপ ম্যানেজমেন্টের অধীনে নরওয়েজিয়ান টেকের চিফ ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সাল পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্র, ইউরোপ ও অস্ট্রেলিয়াসহ প্রায় ৬০টি দেশে সমুদ্রযাত্রায় নেতৃত্ব দেন। পরে বাংলাদেশ শিপিং কর্পোরেশনে উপ-মহাব্যবস্থাপক হিসেবে যোগদান করেন এবং ২০২১ সাল থেকে মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।
পারিবারিকভাবেও তিনি একটি কৃতী পরিবারের সদস্য। তার বড় ভাই ডা. মোস্তাফিজুর রহমান একজন স্বনামধন্য চিকিৎসক। মেজ ভাই অ্যাডভোকেট মুজিবুর রহমান বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ছোট ভাই এইচ. এম. আরশাদুর রহমান মধুমতি ব্যাংকের চট্টগ্রাম জোনাল ম্যানেজার। পাঁচ বোনও নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত।তার সহধর্মিণী অ্যাডভোকেট মেহেনাজ সোলায়মান চট্টগ্রাম জজ কোর্টে আইন পেশায় নিয়োজিত।

এদিকে পুইছড়ি ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে তার দায়িত্ব গ্রহণে এলাকাবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা আশা করছেন, প্রতিষ্ঠানের একজন কৃতি প্রাক্তন শিক্ষার্থী হিসেবে তিনি বিদ্যালয়ের হারানো গৌরব পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা রাখবেন।