
বাঁশখালী সংলাপ:: চট্টগ্রামের বাঁশখালীতে ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাঁতার, কাবাডি, দাবা ও ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাগুলো কালীপুর এজহারুল উচ্চ বিদ্যালয়, বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় ও বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার এয়ার মোহাম্মদ, বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব কুমার দাশসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠান শেষে সাঁতার, কাবাডি, দাবা ও ভলিবল প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন।
এ সময় তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করার আহ্বান জানান। খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের গৌরব বয়ে আনার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।