বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছনুয়া ইউনিয়ন শাখার সহ-সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন মানিককে (৩২) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ছনুয়া ইউনিয়নের খুদুকখালী বলী বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জয়নাল আবেদিন মানিক ছনুয়া ইউনিয়নের খুদুকখালী এলাকার কমর আলী মাঝির পাড়ার সুফি আলমের ছেলে। পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলাসহ মোট সাতটি মামলা রয়েছে।
বাঁশখালী থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের পর বিভিন্ন সময়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এলাকায় মশাল মিছিল, যানবাহন ভাঙচুরসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। গ্রেপ্তার জয়নাল আবেদিন মানিককে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৭৮১৩-৭৭৮১৯, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত