বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের বন্যাদুর্গত ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে মোবাইল স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) পশ্চিম চাপাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) অর্থায়নে এবং চট্টগ্রাম জেলা পরিবার পরিকল্পনা বিভাগের ব্যবস্থাপনায় বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রীন হিল এ কর্মসূচি বাস্তবায়ন করে।
দিনব্যাপী এ ক্যাম্পে ২৫০ জনের বেশি গর্ভবতী নারী, প্রসূতি মা, কিশোর-কিশোরী ও সাধারণ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রজনন স্বাস্থ্যবিষয়ক পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। পাশাপাশি বিতরণ করা হয় প্রসবকালীন প্রয়োজনীয় উপকরণ (ডেলিভারি কিট)।
ক্যাম্পের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক বিপ্লব বড়ুয়া। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক (সিসি) ডা. শামীমা হাসনাত এবং বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইমতিয়াজ উদ্দিন।
ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান ও কার্যক্রম তদারকি করেন মা ও শিশু স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তা (এমও-এমসিএইচ) ডা. শামীম আকতার। এ সময় স্বাস্থ্যকর্মীরা রোগীদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পাশাপাশি বন্যা-পরবর্তী সংক্রামক রোগ প্রতিরোধ এবং মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় পরামর্শ দেন।
ক্যাম্প পরিচালনায় সহযোগিতা করেন পরিবার পরিকল্পনা পরিদর্শক মুনির উদ্দীন চৌধুরী ও ইফতেখার উদ্দিন মোহাম্মদ শহিদুল্লা চৌধুরী। চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণে দায়িত্ব পালন করেন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. এহসানুর রহমান চৌধুরী ও প্রিয়া দে, পরিবার কল্যাণ পরিদর্শিকা মুনিরা ইয়াছিন, গ্রীন হিলের প্রোগ্রাম ম্যানেজার সাহাব উদ্দিন, মনিটরিং অফিসার আজমল হুদা, মিডওয়াইফ জুতিপা আকতারসহ বাহারছড়া ইউনিয়নের স্বাস্থ্য ও মাঠপর্যায়ের কর্মীরা।
বন্যা-পরবর্তী সময়ে দুর্গত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও সুধীজন। তাঁরা এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৭৮১৩-৭৭৮১৯, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত