বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাদুর্গত ছনুয়া ইউনিয়নে অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে মোবাইল হেলথ ক্যাম্পের আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রীন হীল। মঙ্গলবার দিনব্যাপী ছনুয়া মধুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) আর্থিক সহযোগিতায় এবং চট্টগ্রাম জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জমির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইমতিয়াজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাতৃ ও শিশু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যক্রমের মেডিকেল অফিসার ডা. শামীম আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্রীন হীলের প্রোগ্রাম অফিসার সাহাব উদ্দিন।
চিকিৎসা ক্যাম্পে মোট ৩০০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। তাঁদের মধ্যে ৪৬ জন গর্ভবতী নারী এবং ২৫৪ জন নারী, শিশু ও কিশোরী ছিলেন। অভিজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে স্বাস্থ্য পরামর্শের পাশাপাশি সেবাগ্রহীতাদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় মনোসামাজিক পরামর্শও দেওয়া হয়।
এ সময় ইউএনএফপিএর প্রতিনিধি লুৎফুর রহমান ও গ্রীন হীলের আজমল হুদা উপস্থিত ছিলেন। এ ছাড়া সরল ইউনিয়নে কর্মরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) এহছানুল হক, পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) মো. মনির উদ্দিন চৌধুরী ও ছরওয়ার আলম, পরিদর্শিকা মনিরা ইয়াছমিন ও রাজিয়া সোলতানা মুন্নি, পরিবারকল্যাণ সহকারী (এফডব্লিউএ), মিডওয়াইফ এবং টিম ফার্মাসিউটিক্যালসের প্রতিনিধি জাহাঙ্গীর আলম চিকিৎসাসেবা কার্যক্রমে অংশ নেন।
বন্যা-পরবর্তী সময়ে বাড়ির কাছেই বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়ে স্বস্তি প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। এ মানবিক উদ্যোগের জন্য তাঁরা গ্রীন হীল, ইউএনএফপিএ এবং পরিবার পরিকল্পনা বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানান।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৭৮১৩-৭৭৮১৯, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত