শিব্বির আহমদ রানা::: চট্টগ্রামের বাঁশখালীতে লোকালয়ের একটি বসতবাড়ি থেকে প্রায় ১০ কেজি ওজনের ৮ ফুট লম্বা একটি বার্মিজ অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। পরে সাপটিকে চাম্বল বিটের সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার রাতে উপজেলার পূর্ব চাম্বল ইউনিয়নের ব্রহ্মপুত্র এলাকার আলী আহমদের বাড়ি থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়। খবর পেয়ে জলদী বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন।
বন বিভাগ সূত্রে জানা যায়, উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য প্রায় ৮ ফুট এবং ওজন আনুমানিক ১০ কেজি। সাপটির শারীরিক অবস্থা স্বাভাবিক থাকায় প্রয়োজনীয় পরিচর্যা শেষে একই রাতে চাম্বল বিটের সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়।
উদ্ধার কার্যক্রমে অংশ নেন বন প্রহরী মো. জাকির হোসেন ও জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট বিকাশ বড়ুয়া।
জলদী বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মো. ইসরাঈল হক বলেন, ‘লোকালয়ে অজগরসহ কোনো বন্যপ্রাণীর উপস্থিতি দেখা গেলে আতঙ্কিত হয়ে সেগুলোকে আঘাত বা হত্যা করা উচিত নয়। নিরাপদ দূরত্ব বজায় রেখে দ্রুত বন বিভাগকে খবর দিতে হবে। বন্যপ্রাণী প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এসব প্রাণী সংরক্ষণে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।’
তিনি আরও বলেন, ‘উদ্ধার করা অজগরটি সুস্থ ও স্বাভাবিক থাকায় প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে চাম্বল বিটের উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে।’
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৭৮১৩-৭৭৮১৯, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত