দুই নারী আসামির জামিন মঞ্জুর, অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত
নিজস্ব সংবাদদাতা::: চট্টগ্রামের বাঁশখালীতে বনভূমি দখল, সরকারি কাজে বাধা ও দেশীয় অস্ত্র নিয়ে বনকর্মীদের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় চার আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই মামলায় জামিনের আবেদন করা দুই নারী আসামির জামিন মঞ্জুর করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বাঁশখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আব্দুল হামিদ শুনানি শেষে এ আদেশ দেন।
জামিনপ্রাপ্ত দুই নারী আসামি হলেন–মামলার প্রধান আসামি মো. লিয়াকত আলীর স্ত্রী নাছিমা আক্তার (২৭) এবং ইজ্জত আলীর স্ত্রী আক্তারনী (৩০)।
কারাগারে পাঠানো চার আসামি হলেন–শীলকূপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের করলাশিয়া (সিন্নিমুড়া) এলাকার মোস্তাক আহমদের ছেলে মো. বোরহান (২৫), মৃত মনীর আহমদের ছেলে ইজ্জত আলী (৩৮), কামালের ছেলে মো. এহছান (২৫) এবং মৃত মনীর আহমদের ছেলে মোস্তফা আলী (৪৫)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বাঁশখালী ইকোপার্কের আওতাধীন জঙ্গল শীলকূপ এলাকার সরকারি সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে মাটি কেটে বসতঘর নির্মাণের খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা উচ্ছেদ অভিযান পরিচালনার উদ্যোগ নেন। এ সময় অভিযুক্ত ব্যক্তিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বনকর্মীদের সরকারি কাজে বাধা দেন এবং তাঁদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। এতে ৬ থেকে ৭ জন বনকর্মী আহত হন।
এ ঘটনায় বাঁশখালী ইকোপার্কের ফরেস্ট রেঞ্জার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসরাঈল হক বাদী হয়ে গত ৮ নভেম্বর বাঁশখালী থানায় মামলা করেন। জিআর মামলা নম্বর ৪৩১/২০২৬। মামলায় ৯ জনের নাম উল্লেখ করে আরও ২০ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলার ৪ থেকে ৯ নম্বর নামীয় আসামিদের মধ্যে ছয়জন মঙ্গলবার আদালতে জামিনের আবেদন করেন। শুনানি শেষে দুই নারী আসামির জামিন মঞ্জুর হলেও চার পুরুষ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসরাঈল হক বলেন, সরকারি বনভূমি রক্ষা ও অবৈধ দখল উচ্ছেদের দায়িত্ব পালন করতে গিয়ে বনকর্মীরা হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মামলা করা হয়েছে। মামলার প্রধান আসামি মো. লিয়াকত আলীসহ অন্য অভিযুক্তরা এখনো গ্রেপ্তার হননি। তাঁদের দ্রুত গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
বাঁশখালী থানার অপারেশন অফিসার মো. আরিফ হোসাইন বলেন, জামিন নিতে যাওয়া ছয়জনের মধ্যে চারজনকে আদালত কারাগারে পাঠিয়েছেন বলে তিনি অবগত হয়েছেন। মামলার অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৭৮১৩-৭৭৮১৯, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত