নিজস্ব সংবাদদাতা::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমর্থিত প্রার্থী হিসেবে অ্যাডভোকেট মো. জসিম উদ্দিনের নাম ঘোষণা করা হয়েছে। তিনি বাঁশখালী উপজেলা এনসিপির আহ্বায়ক এবং চট্টগ্রাম জজ কোর্টের একজন আইনজীবী।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে ঢাকার বাংলামোটরে রূপায়ন টাওয়ারে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দ্বিতীয় ধাপে স্থানীয় সরকার নির্বাচনের জন্য আরও ১০০ জন প্রার্থীর তালিকা প্রকাশ করে এনসিপি। দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম আনুষ্ঠানিকভাবে এ তালিকা ঘোষণা করেন।
দলীয় সূত্রে জানা গেছে, এনসিপির স্থানীয় সরকার নির্বাচনবিষয়ক কমিটির অনুমোদনক্রমে প্রকাশিত তালিকায় উপজেলা চেয়ারম্যান ও পৌরসভা মেয়র পদে দল-সমর্থিত প্রার্থীদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে বাঁশখালী উপজেলা চেয়ারম্যান পদে অ্যাডভোকেট মো. জসিম উদ্দিনকে প্রার্থী ঘোষণা করা হয়।
অ্যাডভোকেট জসিম উদ্দিন বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের বাঁশখালা গ্রামের সন্তান। পেশাগত জীবনে তিনি চট্টগ্রাম জজ কোর্টে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বাঁশখালী উপজেলা এনসিপির আহ্বায়ক হিসেবে দলটির স্থানীয় সাংগঠনিক কার্যক্রমে যুক্ত রয়েছেন।
উল্লেখ্য, এর আগে গত ১০ মে প্রথম ধাপে উপজেলা ও পৌরসভা নির্বাচনে অংশ নিতে ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল এনসিপি। ওই তালিকায় ৬৭ জন উপজেলা চেয়ারম্যান ও ৩৩ জন পৌরসভা মেয়র প্রার্থী ছিলেন। এবার দ্বিতীয় ধাপে আরও ১০০ জনের নাম ঘোষণা করল দলটি।
এর আগে পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনেও মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছিল এনসিপি। ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে তৃণমূল পর্যায়ে নির্বাচনী প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিচ্ছে দলটি।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৭৮১৩-৭৭৮১৯, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত