বাঁশখালী সংলাপ::: জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে উপকূলীয় অঞ্চলের প্রাথমিক শিক্ষার্থীদের শিখন কার্যক্রমে সৃষ্ট প্রতিবন্ধকতা সরেজমিনে পর্যবেক্ষণ করতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ২৩ নম্বর খানখানাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন জাতিসংঘ শিশু তহবিল–ইউনিসেফের (UNICEF) উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রতিনিধি দলটি বিদ্যালয় পরিদর্শনকালে শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় প্রাকৃতিক দুর্যোগ ও বৈরী আবহাওয়ার কারণে উপকূলীয় এলাকার শিশুদের বিদ্যালয়ে উপস্থিতি, নিয়মিত পাঠদান ও শিখন কার্যক্রম কীভাবে ব্যাহত হয়, সে বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন তাঁরা।
বিদ্যালয়ে পৌঁছালে প্রতিনিধি দলকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান প্রধান শিক্ষক আবুল কালাম চৌধুরী, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীরা।
পরিদর্শনকালে বিদ্যালয়ভিত্তিক দুর্যোগ ঝুঁকি হ্রাস (এসবিডিআরআর) কার্যক্রমের আওতায় শিক্ষার্থীদের সচেতনতা ও দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতিমূলক কার্যক্রম পর্যবেক্ষণ করেন প্রতিনিধি দলের সদস্যরা। এ ছাড়া স্থানীয় তথ্যসেবী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে মতবিনিময় করেন এবং জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলাবিষয়ক একটি প্রামাণ্যচিত্র উপভোগ করেন। পরে তাঁরা পার্শ্ববর্তী সাগরসৈকত পরিদর্শন করে উপকূলীয় এলাকার ঝুঁকিপূর্ণ পরিবেশ সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
এ সময় বাঁশখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মু. আবদুল হামিদ জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্থানীয় বিদ্যালয়গুলোর অবকাঠামোগত সমস্যা ও শিখনকালীন প্রতিবন্ধকতাগুলো প্রতিনিধি দলের সামনে তুলে ধরেন। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান আল মামুন এবং কালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুবাইর জসীম।
পরিদর্শন শেষে ইউনিসেফ প্রতিনিধি দল বিদ্যালয়ের সার্বিক পরিবেশ, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং স্থানীয় স্বেচ্ছাসেবকদের ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে ভবিষ্যতে জলবায়ু সহনশীল শিক্ষার পরিবেশ গড়ে তুলতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
পরিশেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম চৌধুরী প্রতিনিধি দলের সদস্যদের পাশাপাশি বিদ্যালয়ের সহকারী শিক্ষক, দপ্তরি-কাম-প্রহরী ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৭৮১৩-৭৭৮১৯, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত