বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালীতে মাদক ও কিশোরগ্যাংয়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় শেখেরখীলের আব্দুস ছাত্তার জামে মসজিদের খতিব ও পেশ ইমাম এবং চাম্বল খাদিজাতুল কোবরা (রা.) মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ মোকাদ্দেছের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও মুসল্লিরা।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার শেখেরখীল মৌলভীর দোকান এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার সর্বস্তরের জনসাধারণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদক ও কিশোরগ্যাংয়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় একজন নিরীহ আলেমকে হয়রানিমূলক মামলায় জড়ানো হয়েছে বলে তারা মনে করেন। একজন ধর্মীয় শিক্ষক ও মসজিদের ইমামের বিরুদ্ধে এ ধরনের অভিযোগে এলাকাবাসী উদ্বিগ্ন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষভাবে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে মাদক ও কিশোর অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
এদিকে, থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, শেখেরখীল ইউনিয়নের কাচারিপাড়া এলাকার ছৈয়দ আলম (৪৩) বাদী হয়ে গত ৯ নভেম্বর বাঁশখালী থানায় মাওলানা মোহাম্মদ মোকাদ্দেছের বিরুদ্ধে মামলা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় মাদক ও কিশোরগ্যাংয়ের অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ করাকে কেন্দ্র করে মাওলানা মোহাম্মদ মোকাদ্দেছের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় গত ২৩ অক্টোবর শেখেরখীল মৌলভীর দোকান এলাকায় বাদী ছৈয়দ আলমের ছেলে মো. ফরহাদকে মারধরের অভিযোগে ৯ নভেম্বর বাঁশখালী থানায় মামলা দায়ের করা হয়। তবে মানববন্ধনে অংশগ্রহণকারীদের দাবি, মাদকবিরোধী অবস্থানের কারণে ওই আলেমকে হয়রানিমূলক মামলায় জড়ানো হয়েছে।
মানববন্ধন থেকে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং একজন আলেমের সম্মান ও এলাকার মানুষের ন্যায়সংগত দাবি বিবেচনায় নেওয়ার আহ্বান জানানো হয়।
মানববন্ধনে এ সময় উপস্থিত ছিলেন শেখেরখীল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা হামেদ হাসান, ডলমপীর শাহ্ রহ. মাদরাসার উপাধক্ষ্য মৌলানা জাকের আহমদ, স্থানীয় ব্যবসায়ী, এলাকার সর্বস্তরের সাধারণ জনগণ ও মুসল্লীগণ।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৭৮১৩-৭৭৮১৯, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত