বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাদুর্গত সরল ইউনিয়নে অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে মোবাইল হেলথ ক্যাম্পের আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রীন হীল। বুধবার দিনব্যাপী সরল আমিরিয়া উচ্চ বিদ্যালয়ে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) আর্থিক সহযোগিতায় এবং চট্টগ্রাম জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
সরল আমিরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপবান বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম পরিবার পরিকল্পনা বিভাগের এডিসিসি ডা. শামীম হাসনাত। বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইমতিয়াজ উদ্দিন এবং উপজেলা মাতৃ ও শিশু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যক্রমের মেডিকেল অফিসার ডা. শামীম আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্রীন হীলের প্রোগ্রাম অফিসার সাহাব উদ্দিন।
ক্যাম্পে মোট ২৫৫ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। তাঁদের মধ্যে ৬৬ জন গর্ভবতী নারী এবং ১৮৯ জন নারী, শিশু ও পুরুষ রয়েছেন। অভিজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে সরাসরি স্বাস্থ্য পরামর্শের পাশাপাশি সেবাগ্রহীতাদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় মনোসামাজিক পরামর্শও দেওয়া হয়।
অনুষ্ঠানে ইউএনএফপিএর প্রতিনিধি লুৎফুর রহমান ও আজমল হুদা উপস্থিত ছিলেন। এ ছাড়া সরল ইউনিয়নে কর্মরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো), স্বাস্থ্য পরিদর্শক, পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই), পরিবারকল্যাণ সহকারী (এফডব্লিউএ) ও মিডওয়াইফরা চিকিৎসাসেবা কার্যক্রমে অংশ নেন।
বন্যা-পরবর্তী সময়ে বাড়ির কাছেই বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে স্বস্তি প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। সেবা নিতে আসা কয়েকজন জানান, দুর্যোগের এই সময়ে বিনা মূল্যে চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ পাওয়া তাঁদের জন্য অত্যন্ত সহায়ক হয়েছে। এ মানবিক উদ্যোগের জন্য তাঁরা গ্রীন হীল, ইউএনএফপিএ এবং পরিবার পরিকল্পনা বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৭৮১৩-৭৭৮১৯, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত