বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নে সাধারণ মানুষের দোরগোড়ায় ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সাব-সেন্টার-০১-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয় (বঙ্গবন্ধু স্কুল) সড়কের জালিয়াখালী নতুন বাজার এলাকায় ‘রোহাব স্টেশনারী ও কম্পিউটার’ নামে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন শীলকূপ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নূরী।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা অরুণ জয় ধর, সাংবাদিক শিব্বির আহমদ রানা, ইউপি সদস্য আ.ক.ম. আশিক হোসাইন চৌধুরী, পরিষদের উদ্যোক্তা ও প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী হোসাইন মোহাম্মদ রিয়াজ, গ্রামপুলিশ সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নূরী বলেন, বর্তমান সময়ে ডিজিটাল সেবা মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। ইউনিয়ন পর্যায়ে এ ধরনের সেবা কেন্দ্র চালু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন অনলাইন ও দাপ্তরিক কাজ সহজ হবে। তিনি সেবার মান বজায় রেখে সততা, স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে সাধারণ মানুষের পাশে থাকার জন্য উদ্যোক্তার প্রতি আহ্বান জানান।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ও উদ্যোক্তা হোসাইন মোহাম্মদ রিয়াজ বলেন, স্থানীয় মানুষের সুবিধার কথা বিবেচনা করেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে জাতীয় পরিচয়পত্র-সংক্রান্ত সেবা, অনলাইন আবেদন, ইন্টারনেট, ছবি তোলা, প্রিন্ট, ফটোকপি, মোবাইল রিচার্জ, বিল পরিশোধ এবং দেশীয় ও আন্তর্জাতিক অর্থ স্থানান্তরসহ বিভিন্ন ডিজিটাল সেবা দেওয়া হবে। পাশাপাশি শিক্ষার্থী ও অফিসের প্রয়োজনীয় বিভিন্ন ধরনের স্টেশনারি সামগ্রীও পাওয়া যাবে। সাশ্রয়ী মূল্যে দ্রুত ও নির্ভরযোগ্য সেবা দেওয়াই তাঁদের প্রধান লক্ষ্য।
‘সেবা হোক সবার জন্য–শিখুন, জানুন, এগিয়ে যান’ স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠিত এ কেন্দ্রের মাধ্যমে স্থানীয় শিক্ষার্থী, চাকরিপ্রার্থী ও সাধারণ মানুষ উপকৃত হবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৭৮১৩-৭৭৮১৯, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত