বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের বন্যা-দুর্গত ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে মোবাইল হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) কাথরিয়া বাগমারা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) অর্থায়নে, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ, চট্টগ্রামের সার্বিক ব্যবস্থাপনায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রীন হিলের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এ ক্যাম্পে ৫০০ জনের বেশি গর্ভবতী নারী, প্রসূতি মা, কিশোর-কিশোরী ও সাধারণ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রজনন স্বাস্থ্যবিষয়ক পরামর্শ, প্রয়োজনীয় ওষুধ ও ডেলিভারি কিট বিতরণ করা হয়।
ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান ও কার্যক্রম তদারকি করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এবং এমও-এমসিএইচ ডা. শামীম আকতার। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাস্টার নুরুল কবির, ইন্সপেক্টর মুনির উদ্দীন চৌধুরী, ইউপি সচিব হারুনুর রশিদ চৌধুরী এবং স্থানীয় ইউপি প্যানেল চেয়ারম্যান ও সদস্যরা।
চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণে দায়িত্ব পালন করেন উপসহকারী মেডিকেল অফিসার মো. এহসানুর রহমান চৌধুরী, প্রিয়া দে, পরিবারকল্যাণ পরিদর্শিকা মুনিরা ইয়াছিন ও রিপুরাণী শর্মা। এ ছাড়া গ্রীন হিলের প্রোগ্রাম ম্যানেজার সাহাব উদ্দিন, মিডওয়াইফ সাদিয়া ও প্রভাতীসহ কাথরিয়া ইউনিয়নের স্বাস্থ্য ও মাঠকর্মীরা ক্যাম্প পরিচালনায় অংশ নেন।
বন্যা-পরবর্তী স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা এবং মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও সুধীজন ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৭৮১৩-৭৭৮১৯, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত