শিব্বির আহমদ রানা::: চট্টগ্রামের বাঁশখালীতে অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে নকল চকলেট ও খাদ্যপণ্য উৎপাদনের দায়ে একটি কারখানায় অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কারখানাটি সিলগালা করে বিপুল পরিমাণ চকলেট, ক্যান্ডি, উৎপাদনসামগ্রী ও পণ্যের মোড়ক জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ ইলশা এলাকার চুইরগ্গারো বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন।
অভিযানে বিএসটিআইয়ের পরীক্ষক (রসায়ন) শাহরিয়ার কবির টিপু, পরিদর্শক (মেট্রোলজি) এম এ আল নোমান, ফিল্ড অফিসার (সিএম) মো. হাসিবুল হাসান, সহকারী পরিচালক (সিএম) রিগ্যান বৈদ্য, বাহারছড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নাছির এবং স্যানিটারি ইন্সপেক্টর ছৈয়দ আকবরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র কোনো ধরনের বৈধ অনুমোদন ও বিএসটিআইয়ের সনদ ছাড়াই ওই বাড়িতে কারখানা স্থাপন করে নকল চকলেট ও বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন এবং বাজারজাত করে আসছিল। এসব খাদ্যপণ্যে ক্ষতিকর রং ও রাসায়নিক উপাদান ব্যবহারের অভিযোগ রয়েছে, যা বিশেষ করে শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
অভিযানকালে কারখানাটিতে তল্লাশি চালিয়ে পাঁচ কার্টন সফট ক্যান্ডি, পাঁচ লাখ পিস ওটস বার নাটসের প্যাকেট, এক লাখ ৪০ হাজার পিস মোড়ক, কুমারিকা তেল, ওট চকো সফট মিক্সড ফ্লেভার, সেলিবেস্ট কোকোনাট ফ্লেভার ক্যান্ডি, ওটবার ক্রিসপি অ্যান্ড টেস্টিসহ বিভিন্ন ধরনের খাদ্যপণ্য ও উৎপাদনসামগ্রী জব্দ করা হয়। পরে অবৈধ উৎপাদন ও জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় কারখানাটি সিলগালা করা হয়।
এ ঘটনায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৪(১) ও ৩২(১) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ৪১ ও ৪৮ ধারায় ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি বিএসটিআই আইন, ২০১৮-এর ১৫(১) ও ৩০ ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ২৭ ও ৩০ ধারায় আরও ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দুই আইনে মোট ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান শেষে ইউএনও মো. রুহুল আমীন গণমাধ্যমকর্মীদের বলেন, 'শিশুদের জন্য তৈরি খাদ্যপণ্যে ক্ষতিকর রং ও রাসায়নিক উপাদান ব্যবহার অত্যন্ত উদ্বেগজনক। অনুমোদনহীনভাবে খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করে জনস্বাস্থ্য, বিশেষ করে শিশুস্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলার কোনো সুযোগ নেই। জনস্বার্থে এ ধরনের অবৈধ কারখানা ও ক্ষতিকর খাদ্যপণ্যের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।'
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৭৮১৩-৭৭৮১৯, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত