বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সেইন্যাপাড়া সোলেমানের টেক এলাকায় গভীর নলকূপ স্থাপনের স্থান ও চলমান কাজ পরিদর্শন করেছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বুধবার (৪ নভেম্বর) সকালে স্থানীয় বাসিন্দাদের পানির চাহিদা বিবেচনায় নিয়ে নলকূপ স্থাপনার চূড়ান্ত নকশা (ড্রয়িং), পানি সরবরাহের রোডম্যাপ প্রণয়নের লক্ষ্যে এ পরিদর্শন করা হয়।
শীলকূপ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জাহাঙ্গীর আলম চৌধুরীর দান করা জমিতে নলকূপটি স্থাপনের কাজ চলমান রয়েছে। এটি বাস্তবায়িত হলে প্রাথমিকভাবে এলাকার প্রায় ৩০০ পরিবার নিরাপদ ও সুপেয় পানির সুবিধা পাবে। পর্যায়ক্রমে এ সুবিধা আরও ৭০০ থেকে ১ হাজার পরিবারের কাছে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শীলকূপ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নূরী, শীলকূপ ইউনিয়ন জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক ও সাবেক ছাত্রনেতা রিয়াজুল হক তালুকদার, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর ওমর আলী, জমিদাতা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং সাংবাদিক শিব্বির আহমদ রানা।
এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে সমুদুল হক, নুরুচ্ছফা, জহিরুল ইসলাম, মাহমুদুল ইসলাম, মায়মুন আলী ও সাজ্জাদ সিরাজীসহ অনেকে উপস্থিত ছিলেন।
নলকূপটি স্থাপিত হলে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ পানির সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে সুপেয় পানির সুবিধাবঞ্চিত পরিবারগুলোর দৈনন্দিন পানির চাহিদা পূরণে প্রকল্পটি ইতিবাচক অবদান রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৭৮১৩-৭৭৮১৯, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত