সংলাপ প্রবাসী ডেস্ক::: দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে এমদাদুল ইসলাম (৩৫) (বাংলাদেশি) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে টেট প্রদেশের সংগু শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এমদাদুল ইসলাম চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খুদুকখালী এলাকার আহামুদুর রহমানের ছেলে।
সংগু শহরের ব্যবসায়ী নেছার উদ্দিনের তথ্য অনুযায়ী, প্রায় দুই সপ্তাহ আগে ম্যালেরিয়ায় আক্রান্ত হন এমদাদুল। চিকিৎসকের পরামর্শে বাসায় থেকে ওষুধ সেবন করলেও শারীরিক অবস্থার উন্নতি হয়নি। পরে তাঁকে সংগু শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নিউমোনিয়া ও শ্বাসকষ্ট দেখা দেয়। টানা চারদিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়।
নিহতের চাচাতো ভাই ইকবাল জানান, এমদাদুলের মরদেহ দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে পরিবার। এ জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে।
এমদাদুল প্রায় দেড়যুগ ধরে দক্ষিণ আফ্রিকা ও মোজাম্বিকে প্রবাসজীবন কাটিয়েছেন। এর মধ্যে প্রায় ১০ বছর দক্ষিণ আফ্রিকায় থাকার পর জীবিকার সন্ধানে মোজাম্বিকে যান। সেখানে ছোট ভাইকে নিয়ে ব্যবসা পরিচালনা করতেন তিনি।
২০২৪ সালে দেশে গিয়ে বিয়ে করেন এমদাদুল। পরিবার নিয়ে সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্নে প্রবাসে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনেরা তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনার অপেক্ষায় রয়েছেন।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৭৮১৩-৭৭৮১৯, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত