নিজস্ব সংবাদদাতা::: চট্টগ্রামের বাঁশখালীতে বাড়ির পাশের পুকুরে ডুবে মো. আফনান বিন সেলিম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার কাথরিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ডিগ্রিপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আফনান ওই এলাকার ওয়াইজার বাড়ির মো. সেলিমের ছেলে। সেলিম পেশায় একজন যানবাহন শ্রমিক।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় আফনান। কিছুক্ষণ পর তাকে উঠানে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে শিশুটিকে ভাসতে দেখেন তারা। পরে দ্রুত তাকে উদ্ধার করে গুনাগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশুটির বাবা মো. সেলিম তার ছেলের পুকুরে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এর আগেও তাদের একটি ছেলে সন্তান মারা গেছে। বর্তমানে পরিবারে দুই মেয়ে সন্তান রয়েছে।
দুই বছরের শিশুকে হারিয়ে পরিবারে শোকের মাতম চলছে। এ ঘটনায় এলাকায়ও শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৭৮১৩-৭৭৮১৯, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত