নিজস্ব সংবাদদাতা::: চট্টগ্রামের বাঁশখালীতে সরকারি পুকুরের মাছ লুটের চেষ্টার অভিযোগ উঠেছে দক্ষিণ জেলা বিএনপির সদস্য দেলোয়ার আজিমের বিরুদ্ধে। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদের সরকারি পুকুরে সেচযন্ত্র বসিয়ে পানি নিষ্কাশনের মাধ্যমে মাছ তুলে নেওয়ার চেষ্টা করা হয়। খবর পেয়ে উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে ওই চেষ্টা ব্যর্থ হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দেলোয়ার আজিমের নেতৃত্বে একটি পক্ষ বাহারছড়া ইউনিয়ন পরিষদের সরকারি পুকুরে ওয়াটার পাম্প বসিয়ে পানি সেচে মাছ তুলে নেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমীন দ্রুত ব্যবস্থা নেন। তাঁর নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তামজীদুর রহমান তন্ময় ঘটনাস্থলে গিয়ে মাছ তুলে নেওয়ার চেষ্টা বন্ধ করে দেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন বলেন, সরকারি পুকুরের বিষয়ে খবর পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। পুকুরের মাছ উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
এদিকে, সরকারি পুকুরের মাছ তুলে নেওয়ার চেষ্টার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা দেলোয়ার আজিম বলেন, ‘মাছগুলো আমি টাকা দিয়ে কিনেছি। তাই অবৈধভাবে সরকারি পুকুরের মাছ লুটের প্রশ্নই আসে না।’
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৭৮১৩-৭৭৮১৯, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত