বাঁশখালী সংলাপ::: আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, নিরাপদ ও আনন্দঘন করতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নূরীর উদ্যোগে ১৭ সদস্যের একটি আইনশৃঙ্খলা কমিটি গঠন করা হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বয়ে গঠিত এ কমিটিকে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং উৎসবকে সর্বজনীন ও সম্প্রীতিপূর্ণ করে তুলতে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর এ উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছে।
বুধবার রাতে ইউনিয়নের টাইমবাজারে শীলকূপ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নবগঠিত কমিটির প্রথম সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নূরী।
সভায় শীলকূপ ইউনিয়নের সার্বজনীন দুর্গাপূজার মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, নির্বিঘ্ন যাতায়াত, যানজট নিরসন এবং উৎসব চলাকালে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় করণীয় নিয়ে আলোচনা হয়।
কমিটিতে ইউনিয়ন পরিষদের সদস্য, রাজনৈতিক প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, স্থানীয় মসজিদের খতিব, ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনের নেতা, স্বাস্থ্যকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং পূজার নিরাপত্তায় সামাজিক অংশগ্রহণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সভাপতির বক্তব্যে রাশেদ নূরী বলেন, 'দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যেরও প্রতীক। শীলকূপ ইউনিয়নে প্রত্যেক সনাতন ধর্মাবলম্বীরা যেন নিরাপদে ও আনন্দের সঙ্গে পূজা উদ্যাপন করতে পারেন, সে জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।'
তিনি আরও বলেন, 'পূজামণ্ডপের নিরাপত্তা, যানজট নিয়ন্ত্রণ ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে কমিটির সদস্যদের সমন্বিতভাবে কাজ করতে হবে। কোনো সমস্যা দেখা দিলে দ্রুত তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।'
সভায় উপস্থিত ছিলেন শীলকূপ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও কমিটির সদস্যসচিব অরুন জয় ধর, রাজনৈতিক প্রতিনিধি ডা. মো. ইউনুছ ও রবিউল আলম, ইউপি সদস্য মিজানুর রহমান সিকদার, মোহাম্মদ ফিরোজ সিকদার, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নুসরাত আলমের প্রতিনিধি মো. মোয়াজ্জেম হোছাইন সোহাগ, সাংবাদিক প্রতিনিধি শিব্বির আহমদ রানা, স্বাস্থ্য সহকারী পারেসুল আলম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি জানে আলম, টাইমবাজার জামে মসজিদের খতিব মাওলানা লেয়াকত আলী, টাইমবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ সোলতান, টাইমবাজার সিএনজি সমিতির সভাপতি মির হোসেন এবং ইউনিয়ন পরিষদের দফাদার আশরাফ আলী, স্থানীয় রিয়াজুল হকসহ অনেকে।
সভায় দুর্গাপূজার আগে ও উৎসব চলাকালে নিরাপত্তাব্যবস্থা জোরদার, সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৭৮১৩-৭৭৮১৯, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত