বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালীতে প্রায় ১৫ বছর ধরে অবৈধ দখলে থাকা বনভূমি উদ্ধার করেছে বন বিভাগ। এ সময় বনভূমিতে নির্মিত একটি টিনশেড ঘর উচ্ছেদ করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার পুঁইছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্য বিটের আওতাধীন বান্দরমারা এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, জলদি অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. ইসরাঈল হকের নির্দেশনায় এবং বিট কর্মকর্তা অঞ্জন কান্তি বিশ্বাসের সার্বিক দিকনির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন পুঁইছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্য বিটের ফরেস্ট গার্ড মো. জুয়েলুর রহমান। অভিযানে জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট সুভাষ চন্দ্র লস্কর, ড্রেসার মো. দিদারুল আলম এবং স্থানীয় ভিলেজ কনজারভেশন ফোরামের (ভিসিএফ) সদস্যরা অংশ নেন।
এ বিষয়ে জলদি অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. ইসরাঈল হক বলেন, 'বনভূমি রক্ষা ও অবৈধ দখল প্রতিরোধে বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে। বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা এবং বনাঞ্চলের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে আমরা কাজ করে যাচ্ছি। বনভূমি দখল করে কোনো স্থাপনা নির্মাণ করা হলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'
বন বিভাগ জানিয়েছে, বনভূমি সংরক্ষণ, অবৈধ দখল প্রতিরোধ এবং বন্যপ্রাণীর আবাসস্থল সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে বনাঞ্চল রক্ষায় স্থানীয় জনগণকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৭৮১৩-৭৭৮১৯, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত