সংলাপ সংবাদদাতা::: চট্টগ্রামের বাঁশখালীতে গোপন সংবাদে বসতঘরে অভিযান চালিয়ে ৫০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শান্তা দেব (২৮) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর স্বামী অপরূপ দেব (৩৯) পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
রোববার রাত সাড়ে ৮টার দিকে বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী এলাকার শ্রীরাম মহাজন পাড়ার ৮ নম্বর ওয়ার্ডে এ অভিযান চালানো হয়।
বাঁশখালী থানা-পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে শান্তা দেব ও তাঁর স্বামী অপরূপ দেবের বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় ৫০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার ও জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে শান্তা দেবকে গ্রেপ্তার করা হলেও তাঁর স্বামী কৌশলে পালিয়ে যান।
এ ঘটনায় শান্তা দেব ও অপরূপ দেবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাঁশখালী থানায় মামলা করা হয়েছে। উদ্ধার করা চোলাইমদ জব্দ করে গ্রেপ্তার নারীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।' তিনি আরও বলেন, 'গ্রেফতার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থাগ্রহণের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।'
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৭৮১৩-৭৭৮১৯, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত