শিব্বির আহমদ রানা::: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত ঢাকা ফার্স্ট ডিভিশন ওমেন্স টি-২০ ক্রিকেট লীগে অংশ নিচ্ছে বাঁশখালী গার্লস ক্রিকেট ক্লাব। প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রস্তুতি হিসেবে সোমবার (৫ অক্টোবর) বিকেল ৪টায় বাঁশখালীর নাপোড়া ট্রাফে ক্লাবটির অনুশীলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
অনুশীলন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ও বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. জাফর ইকবাল। দলের কোচ হিসেবে উপস্থিত ছিলেন মো. ইসমাইল ফারুক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁশখালী গার্লস ক্রিকেট ক্লাবের সভাপতি নজরুল ইসলাম।
অনুষ্ঠানে ওসি মো. রবিউল হক নারী ক্রিকেটারদের অনুশীলন প্রত্যক্ষ করেন এবং তাদের উৎসাহিত করেন। এ সময় তিনি ক্লাবের খেলোয়াড়দের বিভিন্ন ক্রীড়াসামগ্রী উপহার দেন।

এদিকে তরুণদের মাদক ও জুয়া থেকে দূরে রাখতে একই দিনে পুঁইছড়ি ও শেখেরখীল ইউনিয়নের তরুণদের অংশগ্রহণে মাদক ও জুয়াবিরোধী একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। ম্যাচে অংশ নেওয়া তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি ক্রীড়াসামগ্রী কেনার জন্য আর্থিক সহায়তাও দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. রবিউল হক বলেন, 'তরুণদের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে খেলাধুলার বিকল্প নেই। মাদক ও জুয়া একজন তরুণের জীবন যেমন ধ্বংস করে, তেমনি পরিবার ও সমাজেও এর নেতিবাচক প্রভাব পড়ে। তাই তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।'
তিনি আরও বলেন, 'বাঁশখালীর মেয়েরা ক্রিকেটে এগিয়ে যাচ্ছে–এটি অত্যন্ত আশাব্যঞ্জক। বিসিবির আয়োজিত প্রতিযোগিতায় বাঁশখালী গার্লস ক্রিকেট ক্লাব ভালো করবে বলে আমরা আশা করি। তাদের পাশে থেকে উৎসাহ ও সহযোগিতা অব্যাহত থাকবে।'
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ঢাকা ফার্স্ট ডিভিশন ওমেন্স টি-২০ ক্রিকেট লীগে বাঁশখালী গার্লস ক্রিকেট ক্লাবের খেলা আগামী ১৩ অক্টোবর থেকে ঢাকার মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশ নিতে দলটি নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছে।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৭৮১৩-৭৭৮১৯, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত