শিব্বির আহমদ রানা::: কক্সবাজারের রামুতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মোহাম্মদ জাসেদুল ইসলাম (১৭) নামে বাঁশখালীর এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী আরও দুইজন আহত হয়েছেন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে হামিম নামে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে তাঁর পরিবার।
নিহত জাসেদুল ইসলাম চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাগমারা ছমেয়ার বাপের বাড়ি এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মোহাম্মদ মুফিজুর রহমানের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত ৮টার দিকে জাসেদুল ইসলামসহ আট বন্ধু চারটি মোটরসাইকেলে করে কক্সবাজারের উদ্দেশে বাড়ি থেকে রওনা হন। রাত আনুমানিক দুইটার দিকে তারা রামু থানা এলাকার সামনে পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে তাঁদের একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
এতে ওই মোটরসাইকেলে থাকা তিনজন গুরুতর আহত হন। দুর্ঘটনায় জাসেদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। আহত অপর দুজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে হামিমের অবস্থা গুরুতর বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত নন। দুর্ঘটনাটি সম্ভবত হাইওয়ে সড়কে ঘটে থাকতে পারে।
দুর্ঘটনার খবর বাঁশখালীতে পৌঁছালে জাসেদুলের পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৭৮১৩-৭৭৮১৯, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত