বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ২০২৬-২০২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুরে রোগমুক্ত পোনা মাছ বিতরণ ও অবমুক্ত করা হয়েছে। উপজেলার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের মোট ৪০টি প্রাতিষ্ঠানিক পুকুরে ২০০ কেজি রুই জাতীয় মাছের পোনা বিতরণ করা হয়।
বুধবার উপজেলা পরিষদ পুকুরপাড়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, বাঁশখালীর উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়।
বিতরণ করা পোনার আকার ছিল ১০ থেকে ১৫ সেন্টিমিটার। মোট পোনার মধ্যে রুই ৩৫ শতাংশ, কাতলা ৩৫ শতাংশ, মৃগেল ২০ শতাংশ এবং কালিবাউস ১০ শতাংশ। এসব রোগমুক্ত পোনা উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রাতিষ্ঠানিক পুকুরে বিতরণ করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন। সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক, উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আমজাদ হোসেনসহ উপজেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
মৎস্য কর্মকর্তারা জানান, প্রাতিষ্ঠানিক জলাশয় ও পুকুরে পরিকল্পিতভাবে মাছ চাষের মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি, জলাশয়ের সুষ্ঠু ব্যবহার এবং স্থানীয় পর্যায়ে মৎস্যসম্পদের উন্নয়ন করাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য। রোগমুক্ত ও উপযুক্ত আকারের পোনা অবমুক্তের মাধ্যমে এসব জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পুষ্টি ও খাদ্যনিরাপত্তায়ও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৭৮১৩-৭৭৮১৯, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত