শুক্রবার সকালে ঢাকা ছাড়বেন ‘রূপালী বাংলাদেশ’-এর সম্পাদক ও প্রকাশক
বাঁশখালী সংলাপ::: জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের সংবাদ কাভার করতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন চট্টগ্রামের বাঁশখালীর কৃতিসন্তান, জাতীয় দৈনিক ‘রূপালী বাংলাদেশ’-এর সম্পাদক ও প্রকাশক মো. সায়েম ফারুকী।
আগামী শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে তিনি নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সেখানে অবস্থানকালে জাতিসংঘের সাধারণ অধিবেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি, বিশ্বনেতাদের অংশগ্রহণ এবং বাংলাদেশের সংশ্লিষ্ট কার্যক্রম সরেজমিনে কাভার করবেন তিনি। পাশাপাশি অধিবেশন ঘিরে আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাবলি ও বাংলাদেশের কূটনৈতিক কার্যক্রমের সংবাদও পাঠকদের সামনে তুলে ধরবেন।
চলতি বছরের ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের কার্যক্রম শুরু হয়েছে। অধিবেশনের বিভিন্ন আনুষ্ঠানিক কার্যক্রম ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। সাধারণ বিতর্কের মূল পর্ব শুরু হবে ২২ সেপ্টেম্বর। এ সময় জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সমবেত হবেন।
এবারের ৮১তম সাধারণ অধিবেশনে সভাপতিত্ব করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। গত ২ জুন তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন। তাঁর সভাপতিত্বে এবারের অধিবেশনে আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা ও উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।
এবারের অধিবেশনের প্রতিপাদ্য ‘Restoring Trust, Managing Transformation: A United Nations That Delivers for All’। এর মূল আলোচনায় আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, বৈশ্বিক সহযোগিতা, উন্নয়ন, জলবায়ু পরিবর্তনসহ সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় স্থান পাবে।
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের বাংলাদেশ পর্ব অনুষ্ঠিত হবে ২৪ সেপ্টেম্বর। ওইদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ অধিবেশনে বক্তব্য দেবেন। জাতিসংঘের গুরুত্বপূর্ণ এই অধিবেশনে বাংলাদেশের অবস্থান, অগ্রাধিকার ও বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে দেশের বক্তব্য তুলে ধরবেন তিনি।
এ ছাড়া ২৪ সেপ্টেম্বর বাংলাদেশ ও সুইডেনের যৌথ আয়োজনে মাতৃ ও নবজাতক স্বাস্থ্য এবং পেশাদার মিডওয়াইফারি নিয়ে একটি উচ্চপর্যায়ের অনুষ্ঠানেও বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ও বক্তব্য দেওয়ার কর্মসূচি রয়েছে।
জাতিসংঘের সাধারণ অধিবেশন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কূটনৈতিক মঞ্চ। প্রতিবছর এ অধিবেশনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, মন্ত্রী, কূটনীতিক ও নীতিনির্ধারকেরা অংশ নেন। ফলে অধিবেশন ঘিরে আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি, নিরাপত্তা, উন্নয়ন ও বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্তের খবর গুরুত্ব পায়।
এমন একটি বৈশ্বিক গুরুত্বপূর্ণ আয়োজনের সংবাদ সরাসরি কাভার করতে মো. সায়েম ফারুকী'র নিউইয়র্ক সফরকে ‘রূপালী বাংলাদেশ’-এর আন্তর্জাতিক সংবাদ কাভারেজে গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখা হচ্ছে। সফরকালে তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনের বিভিন্ন কর্মসূচি, বাংলাদেশের অংশগ্রহণ, প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচি ও বক্তব্যসহ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ঘটনাবলি সরাসরি কাভার করে পাঠকদের কাছে তুলে ধরবেন।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৭৮১৩-৭৭৮১৯, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত