বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালীতে রিয়েল এস্টেট সার্ভিস সেন্টার (আরএসসি প্রপার্টি)-এর নতুন অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় বাঁশখালী পৌরসভার লক্ষ্মী স্কয়ারের তৃতীয় তলায় এ অফিসের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে শুভ উদ্বোধন করেন বাঁশখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি ছিলেন আরএসসি প্রপার্টির চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, রংগিয়াঘোনা ফাযিল মাদরাসার শিক্ষক মাওলানা শহিদ উল্লাহ, প্রাইম ব্যাংক বাঁশখালী শাখার ম্যানেজার মুহাম্মদ শামশুল আলম, বাঁশখালী পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মুহাম্মদ শহিদ উল্লাহ এবং পৌরসভা যুব বিভাগের সভাপতি মুহাম্মদ আবু তৈয়্যব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রিয়েল এস্টেট সার্ভিস সেন্টার বাঁশখালীর প্রতিনিধি মোকতার আহমদ, আলী আকবর, নেজাম উদ্দিন, মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল বলেন, 'জমি ও সম্পত্তি কেনাবেচার ক্ষেত্রে স্বচ্ছতা, সঠিক তথ্য যাচাই এবং আইনগত প্রক্রিয়া অনুসরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাঁশখালীর মানুষের জন্য নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করতে আরএসসি প্রপার্টির নতুন অফিস কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করি।'
আরএসসি প্রপার্টির চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, 'গ্রাহকদের প্রয়োজন ও আস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা পেশাদার ও নির্ভরযোগ্য রিয়েল এস্টেট সেবা দিতে চাই। বাঁশখালীতে আমাদের নতুন অফিসের মাধ্যমে জমি ও সম্পত্তি-সংক্রান্ত বিভিন্ন সেবা আরও সহজে মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।'
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, আরএসসি প্রপার্টির চট্টগ্রামে মোট ৩০টি অফিস রয়েছে।বাঁশখালী অফিস থেকে জমি ক্রয়-বিক্রয়, বাড়ি, ফ্ল্যাট ও প্লট ক্রয়-বিক্রয়, কৃষিজমি ও শিল্প-কারখানার জমি ক্রয়-বিক্রয়, দলিল যাচাই-বাছাই, নামজারি ও খাজনা সংক্রান্ত সেবা এবং আইনগত পরামর্শ প্রদান করা হবে।
নতুন অফিসের মাধ্যমে বাঁশখালীর স্থানীয় বাসিন্দাদের সম্পত্তি-সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে দ্রুত, পেশাদার ও নির্ভরযোগ্য সেবা দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৭৮১৩-৭৭৮১৯, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত