বাঁশখালী সংলাপ সংবাদদাতা::: চট্টগ্রামের বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে অনুমোদন পেয়েছেন বাঁশখালী পৌরসভার প্রথম ও সাবেক মেয়র মোহাম্মদ কামরুল ইসলাম হোসাইনী।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আবুল কাসেম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। রবিবার (৩০ আগস্ট) জারি করা ওই স্মারকে বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য চার সদস্যের এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের ১৬ মার্চ ২০২৬ তারিখের পরিপত্র এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের প্রবিধানমালা-২০২৪-এর প্রবিধান ৬৪ অনুসারে গঠিত এ কমিটিকে স্মারক ইস্যুর তারিখ থেকে ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদিত কমিটিতে বোর্ড কর্তৃক মনোনীত মোহাম্মদ কামরুল ইসলাম হোসাইনীকে সভাপতি করা হয়েছে। জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত অমৃত কারন শিক্ষক প্রতিনিধি সদস্য এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনীত মো. সাইদুল ইসলাম অভিভাবক প্রতিনিধি সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রতন চক্রবর্তী পদাধিকারবলে সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রবিধানমালা-২০২৪-এর প্রবিধান ৬৫(২) অনুসারে এডহক কমিটি ম্যানেজিং কমিটির সকল ক্ষমতা প্রয়োগ এবং দায়িত্ব পালন করতে পারবে। তবে সরকারি নির্দেশনা অনুযায়ী এডহক কমিটি শিক্ষক-কর্মচারী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে না।
এদিকে, বাঁশখালী পৌরসভার প্রথম ও সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনীকে বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত ও অনুমোদন দেওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, উপজেলার শিক্ষানুরাগী ব্যক্তি ও সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের সার্বিক শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৭৮১৩-৭৭৮১৯, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত