সংলাপ প্রতিনিধি::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ঐতিহ্যবাহী মনছুরিয়া বাজারের মনছুরিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির দ্বিবার্ষিক নির্বাচন (২০২৬–২০২৮) সম্পন্ন হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে সমিতির সদস্যরা সরাসরি ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে মাওলানা আহমদ ছগির এবং সাধারণ সম্পাদক পদে মনির উদ্দিন সিকদার নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে নির্বাচিত অন্যরা হলেন–সহ-সভাপতি মোরশেদ আলম, অর্থ সম্পাদক মাহমুদ হোসেন এবং সদস্য মো. সাদ্দাম হোসেন, মাওলানা মোস্তাক আহমদ ও মো. সেলিম। ব্যালটের মাধ্যমে সাত সদস্যবিশিষ্ট এ কমিটি নির্বাচিত হয়। নবনির্বাচিত কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
নির্বাচনে বিজয়ী হয়ে নবনির্বাচিত সভাপতি মাওলানা আহমদ ছগির বলেন, 'ব্যবসায়ীরা আমাকে যে আস্থা ও ভালোবাসা দিয়ে নির্বাচিত করেছেন, তার মর্যাদা রাখার সর্বোচ্চ চেষ্টা করব। বাজারের ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, শৃঙ্খলা বজায় রাখা এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।'
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মনির উদ্দিন সিকদার বলেন, 'ব্যবসায়ীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়া আমাদের জন্য সম্মানের পাশাপাশি বড় দায়িত্বও। ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধান, বাজারের পরিবেশ উন্নয়ন এবং সমিতির কার্যক্রম আরও গতিশীল করতে সভাপতি ও কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে আন্তরিকভাবে কাজ করব।'
নির্বাচন পরিচালনা করেন প্রফেসর জাকের আহমদ ও রঙ্গিয়াঘোনা মনছুরিয়া ফাজিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাস্টার আজিজুর রহমান। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা করা হয়।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৭৮১৩-৭৭৮১৯, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত