সংলাপ ডেস্ক::: জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কেঁদেছেন দলের সদ্য বিদায়ী মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় সংসদ সদস্যদের কাছে নিজের পক্ষে ভোট প্রার্থনা করেছেন তিনি।
বুধবার (১৯ আগস্ট) জাতীয় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি দলীয় সংসদ সদস্যদের রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।
সভায় বক্তব্য দিতে গিয়ে বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মির্জা ফখরুল।
দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন পর্যায়ের স্মৃতিচারণ করতে গিয়ে একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। বক্তব্যের একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।
জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, ভারপ্রাপ্ত মহাসচিব ও মহাসচিব হিসেবে দায়িত্ব পালনের সময় কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে সহকর্মীদের কাছে ক্ষমা চান মির্জা ফখরুল। দলের কাছ থেকে পাওয়া সম্মান ও দায়িত্বের কথা স্মরণ করে তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং দলের দেওয়া সম্মান রক্ষায় প্রয়োজনে জীবন দিয়ে হলেও দায়িত্ব পালন করবেন।
বঙ্গভবনে দায়িত্ব পালনে গেলে দলীয় সহকর্মীদের সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক পরিবেশ ও সম্পর্কের অভাব অনুভব করবেন বলেও আবেগঘন বক্তব্যে উল্লেখ করেন তিনি। এ সময় তিনি দলীয় নেতাকর্মী ও সংসদ সদস্যদের কাছে দোয়া কামনা করেন।
সভায় বিএনপির সংসদীয় দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৭৮১৩-৭৭৮১৯, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত