বাঁশখালী প্রতিনিধি::: চট্টগ্রামের বাঁশখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ড্রেজারসহ তিনজন বালু উত্তোলনকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ড্রেজার মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টার দিকে বাঁশখালী থানাধীন ছনুয়ায়াঘাট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালীর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
কোস্ট গার্ড সূত্র জানায়, অভিযানের সময় ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায় একটি ড্রেজারসহ তিনজনকে আটক করা হয়। পরে বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ড্রেজার মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।
অভিযানে আটক বালু উত্তোলনকারীদের মুচলেকা নিয়ে ড্রেজারসহ ছেড়ে দেওয়া হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীতীরবর্তী মানুষের ফসলি জমি ও বসতভিটা হুমকির মুখে পড়ছে।নদীতীরবর্তী জনগণের ফসলি জমি ও বসতভিটা রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৭৮১৩-৭৭৮১৯, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত