প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬ || প্রকাশের তারিখঃ জুলাই ১৬, ২০২৬
বাঁশখালীতে গৃহহারা ও কৃষকদের পুনর্বাসনে ৮ লাখ টাকা দিল মোজাম্মেল হক মানব কল্যাণ ফাউন্ডেশন
বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত গৃহহারা পরিবার ও ফসলহারা কৃষকদের মাঝে নগদ ৮ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে মোজাম্মেল হক মানব কল্যাণ ফাউন্ডেশন। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে ফাউন্ডেশনের ধারাবাহিক মানবিক উদ্যোগের অংশ হিসেবে এ সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোজাম্মেল হকের মা। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান (নেওয়াজ), প্রধান উপদেষ্টা ওসমান গনি, আবু আহমেদ, কার্যকরী সদস্য মাহফুজুর রহমানসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান (নেওয়াজ) বলেন, 'সাম্প্রতিক বন্যায় অনেক পরিবার তাদের ঘরবাড়ি ও জীবিকার প্রধান অবলম্বন হারিয়েছে। অনেক কৃষকের বছরের একমাত্র ফসলও সম্পূর্ণ নষ্ট হয়েছে। আমাদের এই সহায়তা ক্ষতির পূর্ণ প্রতিকার নয়, তবে সংকটময় সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আন্তরিক প্রচেষ্টা। মানবিক দায়বদ্ধতা থেকেই আমরা এই উদ্যোগ নিয়েছি এবং ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।'
প্রধান উপদেষ্টা ওসমান গনি বলেন, 'দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব। সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসে, তাহলে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ অনেকাংশে লাঘব করা সম্ভব হবে। মানবিক মূল্যবোধ থেকেই আমরা এই সহায়তা কার্যক্রম পরিচালনা করছি।'
ফাউন্ডেশন সূত্রে জানা যায়, এটি বন্যাদুর্গত মানুষের জন্য তাদের তৃতীয় ধাপের সহায়তা কার্যক্রম। এর আগে প্রথম ও দ্বিতীয় ধাপে কাথরিয়া, সরল, গণ্ডামারা ও বড়ঘোনা এলাকায় প্রায় ৮০০ বন্যাদুর্গত মানুষের মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি ওষুধ বিতরণ করা হয়। ওই কর্মসূচিতেও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান সার্বিক তত্ত্বাবধান করেন।
ফাউন্ডেশন জানায়, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও মানবিক সহায়তায় তাদের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার নিয়েই সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৭৮১৩-৭৭৮১৯, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত