বাঁশখালী সংলাপ:: বাঁশখালীতে চলমান বন্যায় পানিবন্দি মানুষের কাছে কোমরসমান পানি পেরিয়ে ট্রাকভর্তি ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের চিকিৎসক ও বাঁশখালীর সন্তান ডা. দিদারুল হক সাকিব।
সোমবার (১৩ জুলাই) উপজেলার শেখেরখীল ইউনিয়নের বিভিন্ন এলাকায় নিজস্ব অর্থায়নে ৫০০ বন্যার্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় স্থানীয় স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে কোমরসমান পানিতে নেমে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দেন।
স্থানীয়রা জানান, পানি ও কাদায় যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় অনেক এলাকায় ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে ট্রাকে ত্রাণসামগ্রী নিয়ে এসে পরে পানিতে নেমে সরাসরি মানুষের হাতে সহায়তা তুলে দেওয়ায় বন্যার্তদের মধ্যে স্বস্তি ফিরে আসে।
ত্রাণ বিতরণ শেষে ডা. দিদারুল হক সাকিব বলেন, 'বাঁশখালীর মানুষ আজ কঠিন দুর্যোগের মধ্য দিয়ে যাচ্ছে। একজন চিকিৎসক হিসেবে মানবিক দায়বদ্ধতা থেকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। দুর্যোগ মোকাবিলায় সমাজের বিত্তবান ও সামর্থ্যবান সবাইকে এগিয়ে আসতে হবে। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব।'
তিনি আরও বলেন, 'এই সহায়তা অব্যাহত রাখার চেষ্টা থাকবে। পাশাপাশি সবাইকে বন্যাকবলিত মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।'
উল্লেখ্য, টানা কয়েক দিনের ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও জোয়ারের পানিতে বাঁশখালীর বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে হাজারো পরিবার পানিবন্দি হয়ে পড়েছে এবং অনেক এলাকায় এখনো স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত রয়েছে।

প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৭৮১৩-৭৭৮১৯, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত