বাঁশখালী সংলাপ::: দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ের মাধ্যমে সৎ, দক্ষ নাগরিক ও যোগ্য আলেম গড়ে তোলার প্রত্যয়ে পরিচালিত বায়তুল ইরফান আদর্শ মাদরাসার প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান, অভিভাবক ও শিক্ষানুরাগী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকেলে চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার ভাদালিয়া হারুন বাজারস্থ মাদরাসার হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক কাজী মাওলানা মনছুরুল হক।মাদরাসার শিক্ষাপরিচালক মাওলানা কামাল উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মুহাম্মদ হোছাইন তালুকদার, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মাওলানা কামাল উদ্দিন, মাওলানা মাহমুদুল ইসলাম, মুন্সি সওদাগরসহ স্থানীয় শিক্ষানুরাগী ও অভিভাবকবৃন্দ।
বক্তারা বলেন, বর্তমান যুগের চাহিদা পূরণে দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয় অত্যন্ত জরুরি। একটি আদর্শ সমাজ ও নৈতিকতাসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তারা বায়তুল ইরফান আদর্শ মাদরাসার শিক্ষা কার্যক্রমের প্রশংসা করে শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রায় দেড় শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন। পরে নার্সারি থেকে অষ্টম শ্রেণি এবং হিফজ বিভাগের শিক্ষার্থীদের মাঝে ফলাফল কার্ড বিতরণ করা হয়। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও মাদরাসার সার্বিক উন্নতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৭৮১৩-৭৭৮১৯, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত