সংলাপ প্রতিবেদন:: বাঁশখালী উপজেলা প্রশাসন ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প-এর উদ্যোগে ইউনিয়ন পরিষদের সদস্যদের অংশগ্রহণে 'গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা'-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ছয় দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিতে প্রতি দুইটি ইউনিয়নের প্রতিনিধিদের নিয়ে একেকটি ব্যাচ পরিচালনা করা হয়। বুধবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত হয় ষষ্ঠ ব্যাচের শেষ দিনের সমাপনী অনুষ্ঠান, যা অনুষ্ঠিত হয় বাঁশখালী অফিসার্স ক্লাবের হলরুমে।
কর্মসূচিটি স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ইউএনডিপি’র সহায়তায় আয়োজন করা হয়। প্রশিক্ষণে গ্রাম আদালতের কার্যক্রম, বিচার প্রক্রিয়া, আইনগত কাঠামো ও জনসেবামূলক ভূমিকা বিষয়ে বিশদ আলোচনা করা হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জামশেদুল আলম। তিনি বলেন, 'গ্রাম আদালত হচ্ছে জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেওয়ার অন্যতম মাধ্যম। ইউনিয়ন পরিষদের সদস্যদের এই প্রশিক্ষণ মাঠপর্যায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, 'গ্রাম আদালত সক্রিয় থাকলে ছোটখাটো বিরোধ ও অভিযোগ দ্রুত নিষ্পত্তি হয়, যা থানার ওপর চাপ কমায় এবং সামাজিক শান্তি বজায় রাখতে সহায়তা করে। আইনশৃঙ্খলা রক্ষায় ইউনিয়ন পরিষদের সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।'
তিনি আরও বলেন, 'সম্প্রতি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জনতা নিজেরাই আইন হাতে তুলে নিচ্ছে। এতে প্রাণহানির মতো দুঃখজনক ঘটনা ঘটছে—এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।'
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শ্যামল চন্দ্র সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর শফিউল করিম।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত